
আনোয়ারা, প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। তারা স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে ও পুত্রবধূ। অভিযুক্ত রিমন দাশ গুপ্ত (৪২) তাদের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন রিমন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। ঘটনার দিন সকালে মা-বাবার সঙ্গে বাইরে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ফেরেন তিনি। কিছুক্ষণ পর হঠাৎ করেই ধারালো অস্ত্র নিয়ে মায়ের ওপর হামলা চালান।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, ছেলের হামলা থেকে স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে স্বপন দাশ গুপ্তও ছুরিকাঘাতের শিকার হন। এ সময় পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে অপরজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জুয়েল বড়ুয়া। ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০২৬ : সর্বস্বত্ব সংরক্ষিত।