রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর অক্সিজেন ভাড়া বাসায় ভবন থেকে পড়ে নিহত রিয়া বড়ুয়ার মৃত্যুর রহস্য উদঘাটন এবং দোষীদের বিচারের দাবীতে আবুরখীল নন্দনকানন নিজ গ্রামে স্থানীয়দের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নন্দনকানন বিহারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যুব সংগঠক রুবেল বড়ুয়ার সঞ্চালনায় ও নন্দনকানন মৈত্রী সংঘের সভাপতি মিঠু বড়ুয়ার সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন নন্দনকানন বিহারের অধ্যক্ষ ভদন্ত সোবিতানন্দ মহাথেরো ও নন্দন কানন বিদর্শন বিহারের উপাধ্যক্ষ শাসনানন্দ থের।
এতে বক্তব্য রাখেন নন্দনকানন মৈত্রী সংঘের সাবেক সভাপতি সত্যজিৎ বড়ুয়া, সাবেক ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনু, নন্দনকানন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিশ্বজিৎ বড়য়া নান্টু, অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা অসীম বড়য়া মুকুল, ডাক্তার প্রবেশ বড়ুয়া, সাংগঠনিক ব্যক্তিত্ব স্বদেশ বড়ুয়া খুলু, দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ বড়ুয়া।
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রিয়া বড়ুয়ার মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে নানা প্রশ্ন ও সন্দেহের কথা বলা হয়েছে। তাই ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড; তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয়রা আরও বলেন, রিয়ার পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। দ্রুত তদন্ত শেষ করে মৃত্যুর প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় নেপাল বড়ুয়া, নন্দনকানন মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক অলকেশ বড়ুয়া তপু, সমাজকর্মী হিল্লোল বড়ুয়া পলাশ, তরুণ সমাজসেবক সেতু বড়ুয়া, সংগঠক অলক বড়ুয়া, রিয়ার বাবা পিন্টু বড়ুয়া ও মাতা ছবি বড়ুয়া।
সভায় রিয়া বড়ুয়ার মৃত্যুর ঘটনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
উক্ত সভা থেকে রিয়া বড়ুয়ার পরিবারের পাশে থাকার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয়রা।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।