
সঠিক খবর ডেস্ক : সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কয়েক দিন ধরে ওই ঘরটি বন্ধ ছিল। শনিবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতর থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহতরা একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান। এর মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
পুলিশের ধারণা, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।