
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বাড়ির গাছের কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযুক্ত এজাহার মিয়ার ছেলে আনোয়ার হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরি হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন মোহাম্মদ তোহাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ বলেন, কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। বিষয়টির প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জুয়েল বড়ুয়া। ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।