ডিসেম্বর ঘিরে আ.লীগের নতুন ছক? মাঠে সক্রিয় হওয়ার আশঙ্কা, সতর্ক গোয়েন্দারা

সঠিক খবর ডেস্ক: ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় অনেকটা নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় রাখা এবং বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে। আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীরা বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ডিসেম্বরকে সামনে রেখে তৃণমূলের কর্মীদের প্রস্তুত রাখার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানান দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সূত্রগুলো জানিয়েছে।

গত দুই সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বনানী, ময়মনসিংহ, শরীয়তপুর, সাভার ও সুনামগঞ্জের কয়েকটি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এর মধ্যে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল প্রতিরোধে দায়িত্বে অবহেলার অভিযোগে একটি পুলিশ ফাঁড়ির পুরো টিম প্রত্যাহারের ঘটনাও ঘটেছে।

গোয়েন্দা সূত্রের ভাষ্য, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মী পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের জোগান তৈরির চেষ্টার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে থাকা ব্যক্তিদের নিয়েও সতর্ক রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। রাজধানীর ভাটারা, বনশ্রী, আফতাবনগর, খিলক্ষেত, নিকুঞ্জ, মোহাম্মদপুর, বসিলা, কামরাঙ্গীরচর, শনির আখড়া, যাত্রাবাড়ী ও উত্তরাসহ কয়েকটি এলাকায় বিভিন্ন জেলার পলাতক রাজনৈতিক নেতাকর্মী ও অপরাধচক্রের সদস্যরা অবস্থান করছেন বলে গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আত্মগোপনে থাকা ব্যক্তিদের কেউ কেউ রাইড শেয়ারিং, অটোরিকশা চালানো, ব্যবসা কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আড়ালে অবস্থান করছেন বলেও সূত্র জানিয়েছে। কিছু অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগও রয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের পাশাপাশি বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম জব্দের ঘটনাও ঘটেছে। এসব ঘটনাকে সম্ভাব্য নাশকতার প্রস্তুতির সঙ্গে মিলিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। তবে এসব ঘটনার প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের কেউ কেউ অর্থ ব্যয় করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারেন। তবে সাধারণ মানুষের ক্ষোভের কারণে এ ধরনের উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, দেশে বিশৃঙ্খলা দেখা দিলে তার প্রভাব জাতীয় নিরাপত্তায় পড়বে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। জনগণের সহযোগিতা থাকলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলা করা সম্ভব।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোনো মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, সে বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মনে করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাঠে ফেরার আলোচনা মূলত রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখা এবং নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার কৌশল হতে পারে। অতীত কর্মকাণ্ডের দায় ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে দ্রুত রাজনৈতিক পুনর্বাসন দলটির জন্য সহজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফলে ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি, আকস্মিক মিছিল কিংবা নাশকতার আশঙ্কায় ততই সতর্ক হচ্ছে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো। এখন মূল প্রশ্ন—ডিসেম্বরকে ঘিরে যে তৎপরতার আশঙ্কা করা হচ্ছে, তা কি বাস্তবে বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেবে, নাকি নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হিসেবেই সীমাবদ্ধ থাকবে?

তথ্য সূত্র : দৈনিক যুগান্তর।

Share this news as a Photo Card

ডিসেম্বর ঘিরে আ.লীগের নতুন ছক? মাঠে সক্রিয় হওয়ার আশঙ্কা, সতর্ক গোয়েন্দারা

29 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com