সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে ফের অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার, রিয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল কোম্পানিগুলো সরবরাহ সীমিত করে ফেলায় খোলা তেল ও চিনির দাম দ্রুতগতিতে বাড়ছে। এর পাশাপাশি আটা-ময়দার বাজারও ঊর্ধ্বমুখী, আর সবজি, মাছ-মাংস ও ডিম এখনো আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।
আটা-ময়দার দামে লাফ
গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্যাকেটজাত আটার কেজিপ্রতি দাম ৫৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়, অর্থাৎ ১০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকা কেজিতে, আর প্যাকেটজাত ময়দার দাম কোম্পানিভেদে ৭০-৭৫ টাকা পর্যন্ত।
চিনির বাজারে অস্থিরতা
এক সপ্তাহেই চিনির দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে খুচরায় এখন ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজুদ্দিন বাজারের এক বিক্রেতা জানান, ডিলাররা কয়েকদিনের মধ্যেই ৫০ কেজির এক বস্তা চিনিতে ৯০০-১০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন, এবং শিগগিরই প্যাকেটজাত চিনির দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
তেলের সরবরাহ সংকট
খুচরা বিক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবেই কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে, ফলে অনেক দোকানে চাহিদামতো তেল মিলছে না। যদিও বোতলজাত সয়াবিনের দাম এখনো লিটারপ্রতি ২০০ টাকাতেই স্থির আছে, খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকায় এবং খোলা পাম তেল ১৬৫-১৭০ টাকা লিটার।

সবজির বাজারে সামান্য স্বস্তি, তবু চাপ কমেনি
কিছুদিন আগে সরবরাহ সংকটে যেসব সবজি কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল, সরবরাহ বাড়ায় সেগুলোর দাম কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজিতে। তুলনামূলক সস্তা পটোল, পেঁপে ও ঢ্যাঁড়স। ভারত থেকে আমদানির সুযোগ মেলায় কাঁচা মরিচের দামও কমেছে, খুচরায় ১২০-১৬০ টাকা এবং কারওয়ান বাজারে পাইকারিতে ১০০-১১০ টাকা কেজি। পেঁয়াজ ৫৫-৬০ টাকা ও আলু ২৫-৩০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে।

ডিম-মাংসেও স্বস্তি নেই
প্রায় এক মাস ধরে ডিমের দাম উঁচুতেই আটকে আছে প্রতি ডজন ১৫০ টাকা, চারটি ৫০ টাকা। এর আগে ডজনপ্রতি দাম ছিল ১৩০-১৪০ টাকা। মুরগির বাজারেও দাম কমেনি; ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০-৩৪০ টাকা কেজি দরে।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।