সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহায্য পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিকশাচালক মো. মন্নানের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত মো. মন্নান ওই এলাকার মনজুর মিয়ার ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক। অগ্নিকাণ্ডে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বসতঘরটি পুড়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মন্নান। এ অবস্থায় পরিবার নিয়ে নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক ব্যক্তিদের কাছে আর্থিক ও সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
অসহায় পরিবারটির দুর্দিনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউপি সদস্য মোহাম্মদ হান্নান ও মো. জাফর।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।