
রতন বড়ুয়া : আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক কেবল পেশাগতভাবে কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তি নন; তারা হলেন মানবসভ্যতার কারিগর, আলোর দিশারী এবং অন্ধকার দূর করার এক অবিরাম প্রতীক। জন্ম দিয়ে বাবা-মা আমাদের পৃথিবীতে নিয়ে আসেন, কিন্তু সেই জীবনকে সুন্দর, সার্থক ও মহিমান্বিত করে তোলার নেপথ্যে থাকে শিক্ষকের অপরিসীম ত্যাগ।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় শিক্ষকদের অবদানকে স্মরণ করার এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। এই বিশেষ দিনে প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক ও পবিত্র দায়িত্ব।
সমাজ গঠনে এবং একটি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে শিক্ষকের ভূমিকা অতুলনীয়। প্রাচীনকাল থেকেই আমাদের সংস্কৃতিতে “গুরুর স্থান ঈশ্বরের ওপরে” বলে বিবেচনা করা হয়েছে। একজন শিক্ষক শুধু পাঠ্যপুতঙ্কের জ্ঞানই প্রদান করেন না, বরং শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করেন।
সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্য এবং মানুষের প্রতি ভালোবাসার পাঠ তারা আমাদের অবচেতন মনেই শিখিয়ে দেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার গণ্ডি পেরিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষকের দেওয়া উপদেশ ও শিক্ষা মানুষের পথপ্রদর্শক হিসেবে কাজ করে।
ছাত্র ও শিক্ষকের সম্পর্ক পৃথিবীর অন্যতম পবিত্র ও নিঃস্বার্থ বন্ধন। এই সম্পর্কে কোনো প্রাপ্তির আশা থাকে না; থাকে কেবল ছাত্রের মঙ্গলের জন্য একরাশ শুভকামনা। প্রিয় শিক্ষকরা আমাদের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং সঠিক পথে চলার জন্য বারংবার উৎসাহিত করেন।
তাদের শাসন ও ভালোবাসার মিশ্রণেই একজন শিক্ষার্থীর চরিত্র দৃঢ় হয়ে ওঠে। শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করেন, তখন তিনি কেবল একজন পাঠদানকারী নন, বরং পুরো প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার এক মহান দায়িত্ব কাঁধে নিয়ে আসেন।
শিক্ষক দিবসে প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর অর্থ হলো তাদের আদর্শকে নিজের জীবনে ধারণ করা। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে অনেক সময় শিক্ষক সমাজ তাদের উপযুক্ত মর্যাদা থেকে বঞ্চিত হন।
অথচ একটি উন্নত ও আলোকিত সমাজ বিনির্মাণের পূর্বশর্ত হলো শিক্ষকদের যথাযথ মূল্যায়ন। আমাদের উচিত শুধু বিশেষ এই দিনটিতে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষণে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের অবদানের কথা স্মরণ রাখা।
শিক্ষকদের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাদের শিখিয়ে যাওয়া পথে চলে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই তাদের শ্রম সার্থক হয়। আজকের এই দিনে দেশের ও বিশ্বের সকল প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি আমাদের অন্তরের অন্তস্তল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ।
লেখক- গণমাধ্যমকর্মী ও সংগঠক












