সরকারি নির্দেশনা উপেক্ষা করে ৬০ টাকা করে আদায়। ফের মডেল টেষ্ট উপজেলা শিক্ষা অফিসের আয়োজন নয় বলে দাবি
সুমন পল্লব, হাটহাজারী : সরকারি নির্দেশনায় পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা অর্থ আদায় না করার কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পর্যায়ের মডেল টেস্ট পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় বৃত্তির মডেল টেস্ট পরীক্ষার আয়োজনের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রথমে ১০০ টাকা করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে অভিভাবক ও শিক্ষকদের আপত্তির মুখে তা কমিয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়। ইতোমধ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এ অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পরীক্ষার আয়োজন, অর্থ সংগ্রহ এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে আবারো বেসরকারি বিদ্যালয় ও সরকারী বিদ্যালয়ে যৌথভাবে বৃত্তি মডেল টেস্ট আয়োজন অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত রুটিনের ৪ নম্বর নির্দেশনায় পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি বা টাকা-পয়সা গ্রহণ না করার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক কিংবা বার্ষিক পরীক্ষা—কোনো পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার সুযোগ নেই। এমনকি চলতি বছর থেকে বৃত্তি পরীক্ষার ফিও সরকারিভাবে বহনের কথা রয়েছে। এ অবস্থায় মডেল টেস্টের নামে অর্থ আদায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদ জানান, উপজেলা পর্যায়ে এ ধরনের মডেল টেস্ট আয়োজনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অর্থ নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল গনি জানান, পরীক্ষার কিছু আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। প্রথমে ১০০ টাকা নির্ধারণ করা হলেও আপত্তির কারণে তা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে বলে জানান তিনি। তবে আবার কিন্ডারগার্টেন ও সরকারী বিদ্যালয়ে যৌথভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে এ ধরনের কোনো বিশেষ বৃত্তির মডেল টেস্টের আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে কি না,জানতে চাইলে সে বিষয়ে তাঁর বক্তব্যে অস্পষ্টতা রয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা ছাড়াই যদি কোনো শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ ধরনের পরীক্ষা আয়োজন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়ে থাকে, তাহলে এর অনুমোদন, অর্থ সংগ্রহের বৈধতা এবং ব্যয়ের হিসাব নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারি নির্দেশনা থাকার পরও পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।