আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে লেবাননভিত্তিক এই সংগঠনকে ফের 'স্পেশালি ডিজিগনেটেড গ্লোবাল টেররিস্ট' তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রশাসন।
ওয়াশিংটনের দাবি, হিজবুল্লাহ কেবল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং আইআরজিসি'র কুদস ফোর্সের নির্দেশনায় তেহরানের পক্ষে কাজ করছে সংগঠনটি।
একই পদক্ষেপের অংশ হিসেবে হিজবুল্লাহর জন্য বিপুল অঙ্কের নগদ অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ১০ জন ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন ট্রেজারি বিভাগের ভাষ্যমতে, অভিযুক্তরা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে চলাচলকারী বাণিজ্যিক ফ্লাইটের কুরিয়ারদের ব্যবহার করে কয়েকশ মিলিয়ন ডলার স্থানান্তর করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ট্রেজারি আরও জানিয়েছে, এই কুরিয়ার চক্রটি সম্ভবত অঞ্চলজুড়ে একাধিক প্রক্সি সংগঠনে অর্থায়নের কাজে ব্যবহৃত হচ্ছিল।
উল্লেখ্য, ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র প্রথমবার হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। এবারের নিষেধাজ্ঞা সংগঠনটির বর্তমান তৎপরতাকে কেন্দ্র করে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষিত নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগ কর্মসূচির পরপরই হিজবুল্লাহর বিরুদ্ধে এই পদক্ষেপ এলো।
প্রকাশক : জুয়েল বড়ুয়া। সম্পাদক : দোলন বড়ুয়া, ই-মেইল : [email protected], যোগাযোগ : ০১৮১৯৩৩৯৫৬০
২০১৮ : সর্বস্বত্ব সংরক্ষিত।