
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিশ্ববিদ্যালয়কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।
ফাউন্ডেশনের দেওয়া ১০টি বাসের মধ্যে দুইটি শিক্ষক, চারটি ছাত্র এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
এ ছাড়া জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিবহন দপ্তরের প্রশাসক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুর ১২টায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন ও ফাউন্ডেশনের প্রতিনিধিরা চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। পূর্বের আলোচনায় বিশ্ববিদ্যালয়কে ছয়টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও বৈঠকে আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফলে মোট ১০টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।
পরে উপাচার্য অতিথিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। এ সময় ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপাচার্যের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান।
জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ১০টি বাস যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ফাউন্ডেশনের এই জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, “আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন।” বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উপাচার্য জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, পরিচালক মোহাম্মদ মোখতার আহমদসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।












