
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার আমির হোসেনের ছেলে।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে রোজি আক্তারের মরদেহ তার বসতবাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ধর্ষণের পর তাকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় নিহতের ভাই আবু তাহের বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তদন্তে উঠে আসে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবেশী আঃ মান্নানের সঙ্গে রোজির বিরোধ তৈরি হয়েছিল। ২০০৪ সালের ১৫ মে রাতে ঘর থেকে বের হলে আঃ মান্নান ও নাছির তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে চিনে ফেলার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ গাছে ঝুলিয়ে রাখতে অপর আসামি আবু বক্কর ও নুরুল ইসলাম সহায়তা করেন বলে তদন্তে জানা যায়।
ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাছির। দীর্ঘদিন ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে ‘মো. আজম’ পরিচয়ে বসবাস করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












