হাটহাজারী ফতেপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী হেলাল

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের সাহায্য পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে পড়া রিকশাচালক মো. মন্নানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শনিবার (৭ নভেম্বর) ফতেপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন, নগদ অর্থ ও শীতবস্ত্র এবং ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এ মানবিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে এবং নতুন করে ঘরবাড়ি গড়ে তুলতে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহায্য পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে রিকশাচালক মো. মন্নানের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত মন্নান ওই এলাকার মনজুর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বসতঘরটি পুড়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েন মন্নান। মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়ে নতুন করে ঘর নির্মাণ ও পরিবারের সদস্যদের নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অনিশ্চয়তায় ছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের পরদিনই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঢেউটিন, নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির দুর্দিনে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান ও মো. জাফর।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে এবং নতুন করে বসবাসের পরিবেশ তৈরি করতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

হাটহাজারী ফতেপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী হেলাল

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com