
সঠিক খবর ডেস্ক : বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও গভীর করতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এ আগ্রহের কথা জানান ইরানের প্রেসিডেন্ট।
অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা ও সাফল্যের ওপর বাংলাদেশের আইনসভা ও সংসদ সদস্যদের আস্থা রয়েছে। তাদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও তেহরান আগ্রহী।
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হবেন বলে আশা প্রকাশ করেন মাসউদ পেজেশকিয়ান। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
ইরানের এই বার্তাকে বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রে একটি ইতিবাচক কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।












