
যাত্রীর অপেক্ষায় থাকা ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়; চালক-সহকারী পলাতক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দিলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারসংলগ্ন টানেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টানেল মোড়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। বাসের আঘাতে দোকানের সামনে থাকা অন্তত ছয়টি অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। দোকানের ভেতরে ও বাইরে থাকা বহু মানুষ আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আনোয়ারা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত ও আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।












