
বোয়ালখালী প্রতিনিধি : শিক্ষার্থী ও তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মনোযোগ, ধৈর্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে সম্পন্ন হয়েছে Boalkhali Chess Championship 2026’।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ দাবা প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও মো. জামাল উদ্দিন।দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এস এম তারেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তা ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিপুলসংখ্যক দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে দাবার প্রতি আগ্রহ ও সম্ভাবনার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।












