ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সঠিক খবর ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমসহ এনসিপির একাধিক নেতা এবং কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। পরে তারা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। অভিযোগে বলা হয়েছে, এ সময় ঐতিহাসিক নথি, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বই ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ভবনটি গুঁড়িয়ে দিতে বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং রাতভর চলে ধ্বংসযজ্ঞ। পরদিন বিকেল পর্যন্ত ভবনের বড় অংশ ভেঙে ফেলা হয়।

বাদীপক্ষের অভিযোগ, মামলার কয়েকজন আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভবনের বিভিন্ন নথিপত্র সরিয়ে নেওয়ার জন্য উসকানি দেন। কেউ কেউ আর্থিক সহায়তাও দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া পূর্বঘোষণা থাকা সত্ত্বেও ভবনটি রক্ষায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কার্যকর কোনো উদ্যোগ নেননি বলেও মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতের বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়নি। মামলার আবেদন গ্রহণ ও পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে আদালতের আদেশের পরই বিষয়টি আরও স্পষ্ট হবে।

Share this news as a Photo Card

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com