ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ধানক্ষেতে কাজ করার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার সন্ধানে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরও দুই শ্রমিককে সঙ্গে নিয়ে জলাবদ্ধ একটি ধানক্ষেতে চারা রোপণের কাজ শুরু করেন মুস্তাকিম। তবে তার অজান্তেই বিদ্যুতের একটি ছেঁড়া তার জমির পানিতে পড়ে ছিল। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি বিদ্যুতায়িত পানির সংস্পর্শে এসে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশে থাকা অপর দুই শ্রমিক দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে খোলা ও ছেঁড়া বৈদ্যুতিক তার দ্রুত অপসারণ এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিক নিহত

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com