বিআরটিএ চট্টগ্রাম ডিডি তৌহিদুলের অপসারণ দাবি: সুরক্ষার আরজি ও কড়া কর্মসূচির হুঁশিয়ারি শ্রমিক নেতার

সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ (হালিশহর) বিআরটিএর উপপরিচালক (ডিডি) প্রকৌশলী তৌহিদুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে পদ থেকে অপসারণের দাবি উঠেছে। বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বিআরটিএ চেয়ারম্যানের কাছে এই বিষয়ে লিখিত আবেদন দাখিল করেছেন। একই চিঠির অনুলিপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকেও দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রকৌশলী তৌহিদুল হোসেন সিএনজি ও অন্যান্য যানবাহনের নিবন্ধন, প্রতিস্থাপন, মালিকানা হস্তান্তর, ফাইল জালিয়াতি এবং নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাস অনুমোদনসহ নানা খাতে ব্যাপক আর্থিক লেনদেন ও অনিয়মে জড়িত। গত ৩১ আগস্ট এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ সম্বলিত অভিযোগ দাখিলের পর থেকেই অভিযোগকারী জহির উদ্দিনকে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন এবং লিখিত অভিযোগ প্রত্যাহারে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

লিখিত আবেদনে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের জন্য তৌহিদুল হোসেনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে সাময়িকভাবে বদলি বা সংযুক্ত করার দাবি জানানো হয়েছে। অভিযোগকারীর শঙ্কা, সংশ্লিষ্ট পদে বহাল থাকলে ওই কর্মকর্তা নথিপত্র, ডিজিটাল রেকর্ড, কর্মকর্তা-কর্মচারী ও সম্ভাব্য সাক্ষীদের ওপর প্রভাব বিস্তার করতে পারেন।

এছাড়া ২০২১ সালে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে সংঘটিত রহস্যজনক অগ্নিকাণ্ডের নজির তুলে ধরে তদন্তের স্বার্থে পুরনো স্ক্র্যাপিং, নিবন্ধন ফাইল ও ডিজিটাল সিসিটিভি ফুটেজ অবিলম্বে সুরক্ষার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শ্রমিক নেতা মো. জহির উদ্দিন জানান, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তৌহিদুল হোসেন একটি রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন কাজে ব্যবহার করছেন। এই পরিস্থিতিতে তাঁর নিজের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে। এ কারণে তৌহিদুল হোসেনের তাত্পক্ষণিক অপসারণ ও সার্বিক সুরক্ষার দাবিতে আগামীকাল ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে, যেখান থেকে বিআরটিএ কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তথ্য সূত্র : দেশ বার্তা

Share this news as a Photo Card

বিআরটিএ চট্টগ্রাম ডিডি তৌহিদুলের অপসারণ দাবি: সুরক্ষার আরজি ও কড়া কর্মসূচির হুঁশিয়ারি শ্রমিক নেতার

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com