
সঠিক খবর ডেস্ক : ২ আগস্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের জারি করা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দেওয়া একটি ‘রিমাইন্ডার’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
রোববার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডিবিপ্রধান বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে বাহিনীর সদস্য, যানবাহন ও স্থাপনাগুলোর নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই সময়ে সময়েই নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, “সম্প্রতি কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা এবং এ নিয়ে কিছু ভিত্তিহীন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছি। নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর রাখতেই পুলিশ সদস্যদের বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”
মো. শফিকুল ইসলাম আরও জানান, অতীতেও পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটকে একই ধরনের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ নির্দেশনাও তারই ধারাবাহিকতা। এর উদ্দেশ্য হলো পুলিশ সদস্যরা যেন দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বাহিনীর যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক থাকেন।
তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো নতুন বা নির্দিষ্ট হুমকির তথ্যের ভিত্তিতে জারি করা নির্দেশনা নয়; বরং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী রাখতে নিয়মিতভাবে দেওয়া সতর্কতামূলক স্মারক (রিমাইন্ডার)।












