
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : “শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”- এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের ১১ জন এসএসসি পরীক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট’) কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে একটি মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব। চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পাল এর উপস্থাপনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো: নাঈম। অত:পর কেন্দ্রের আশ্রয় পাওয়া এক সময়কার সুবিধাবঞ্চিত ১১ জন উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
কেন্দ্রের অসামান্য ফলাফলের সাফল্যে প্রধান অতিথিসহ সকলেই ভূয়সী প্রশংসা করেন। উপপরিচালক বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ প্রত্যয়ের আলোকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতার বহি:প্রকাশ ঘটেছে এই আয়োজনের মাধ্যমে।
অনুষ্ঠানের শেষভাগে শিশুতোষ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে।এছাড়াও একই দিনে আয়োজিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণে ‘শিশুর বিকল্প পরিচর্যা’ বিষয়ে সেশন পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন- কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের সর্বোত্তম সেবা প্রদান করে শিশু সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আয়োজনের লক্ষ্য।











