
নিজস্ব প্রতিবেদক : সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যার্থী পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের শিল্পী, বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক সুব্রত দাশ অনুজ।
এছাড়া সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দৈনিক ভোরের ডাক-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা এবং ব্রাইড বাংলাদেশ ফোরাম-এর নির্বাহী পরিচালক উৎপল বড়ুয়া।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে সংগীতচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে।
সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন সংগীতপ্রেমী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।












