ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যা, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সঠিক খবর ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইসলামী যুব আন্দোলনের এক স্থানীয় নেতাকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংগঠনের নেতাকর্মীরা আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।

সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় শুরু হওয়া এই অবরোধে অংশ নেন শতাধিক নেতাকর্মী। বিক্ষোভকারীরা সড়কের ওপর টায়ার ও কাঠ-বাঁশে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন, যার ফলে মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ।

নিহত ব্যক্তির নাম বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার বাসিন্দা রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনাস্থলটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ইসলামী যুব আন্দোলনের নেতা হত্যা, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com