
সঠিক খবর ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১১টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২ বিআরটিএ চট্টমেট্রো-১ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
দালালির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাঁশখালী উপজেলার ছাপাছড়ি গ্রামের মো. মাসুদ আলী (৩১) ও আনোয়ারা উপজেলার শুলকাটা গ্রামের মো. হাসেম (৪৫)।
এ ছাড়া নগরের বড়পোল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ১১টি মামলা করা হয়। এসব মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় একটি অটোটেম্পুও আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
তিনি বলেন, বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সড়ক পরিবহন আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।












