
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ৪টি পিস্তল এবং অস্ত্র তৈরির সরঞ্জাম সহ দুইজন কে গ্রেফতার করে মডেল থানার পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা থেকে অস্ত্র গুলি ও অস্ত তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে অস্ত্র ও দুই জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং একই এলাকার বরিশাল কলোনির মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
থানা সূত্রে জানা যায়,ঘটনারদিন দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল এমন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজের দিক নির্দেশনায় অভিযান চালিয়ে দেশীয় পাইপগান-সহ ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












