
অরুণ নাথ : সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ-উৎসব গত ৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক সমাজসেবক সুকুমার বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গবেষক, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ধর্ম মানুষকে উন্নত জীবন দান করে। সমাজ হতে অত্যাচার, অনাচার ও বৈষম্য দূরীভূত করতে ধর্মচর্চার কোন বিকল্প নেই। শ্রীকৃষ্ণ পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে আবির্ভূত হন। আর্বিভাবের পরে তাঁকে নন্দালয়ে নিয়ে গিয়ে যে আনন্দ উৎসব করা হয়েছিলো তাই নন্দ-উৎসব। তিনি শিশু-কিশোরসহ সর্বস্তরের সনাতনীকে গীতাশিক্ষা গ্রহণ করতে আহ্বান জানান। এতে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশীষ শর্মা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও মতের সমান গুরুত্ব রয়েছে। বাগীশিক সমাজের সর্বস্তরে গীতার অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শ প্রচার করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসংগঠক দীলিপ কান্তি বৈদ্য, ব্যাংকার মধুসূদন নাথ, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক অলক দাশ, ব্যবসায়ী ভুটান দাশ ও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি এড. রুপন কান্তি দাশ। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন শ্রুতি দাশ, রুদ্রাক্ষী দাশ, সংযুক্তা দাশ, স্বস্তিকা সেন ও পায়েল বৈদ্য এবং সংগীত পরিবেশন করেন অর্ণব চক্রবর্তী, দিপ্তী দাশ ও মান্না দাশ।
উৎসবের শেষ পর্বে লীলাকীর্তন পরিবেশন করেন রাউজান আশালতা কলেজের অধ্যাপক রাজীব বিশ্বাস ও তাঁর দল। উৎসবে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো- পূজা, কীর্তন, ভোগারতি, গীতাপাঠ, ধর্মসম্মেলন ও প্রসাদ বিতরণ।












