রোডস অ্যান্ড হাইওয়ে-বিএডিসির গাফিলতিতে থমকে আছে ভাঞ্জন খাল খনন

সুমন পল্লব, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার সত্তারঘাট এলাকায় ভাঞ্জন খাল খনন ও সংস্কারকাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর গাফিলতি ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। খাল খননের উদ্যোগ নেওয়া হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্মিত সেতুর নিচে মাটি অপসারণ না করায় বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। একই সঙ্গে নির্ধারিত পরিমাণে খনন করতে না পারায় বিএডিসির সংস্কারকাজও থমকে রয়েছে। দুই দপ্তরের কাজের টানাপোড়েনে খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঞ্জন খালটি পলি ও মাটিতে ভরাট হয়ে থাকলেও কার্যকরভাবে খনন ও সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। খাল খনন শুরু হলেও সড়ক ও জনপথ বিভাগের নির্মিত সেতুর নিচে জমে থাকা মাটি অপসারণ করা হয়নি। ফলে খালের একাংশ খনন করা হলেও সেতুর নিচে এসে পানি চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, খাল খননের আগে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে বিএডিসি খাল খননের কাজ করছে, অন্যদিকে সেতুর নিচের মাটি অপসারণ না হওয়ায় সেই খননের সুফল মিলছে না। এতে সরকারি অর্থ ও শ্রম ব্যয় হলেও পানি প্রবাহ স্বাভাবিক করার মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় ভাঞ্জন খাল খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেতুর নিচের অংশে প্রয়োজনীয় মাটি অপসারণ না করায় খালের নির্ধারিত গভীরতা ও প্রশস্ততা অনুযায়ী কাজ করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিএডিসির এক কর্মকর্তা বলেন, সড়ক ও জনপথ বিভাগের সেতুর কাজের পর সেতুর নিচে মাটি অপসারণ না করায় খাল খননে সমস্যা হয়েছে। খালটি ৪০ ফুট পর্যন্ত খননের কথা থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে নির্ধারিত পরিমাণ খনন করা সম্ভব হয়নি। তবে পুনরায় সংস্কারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের সেতুর নিচে মাটি জমে থাকার বিষয়টি দ্রুত সমাধান না হলে খাল খনন করেও পানি প্রবাহ স্বাভাবিক করা সম্ভব হবে না বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, একটি দপ্তর খাল খনন করবে আর অন্য দপ্তরের অবকাঠামোর নিচে মাটি জমে থাকলে পানি চলাচল করবে কীভাবে?

স্থানীয়দের অভিযোগ, রোডস অ্যান্ড হাইওয়ে তথা সড়ক ও জনপথ বিভাগ এবং বিএডিসির মধ্যে সমন্বয়ের অভাব ও দায়িত্ব পালনে গাফিলতির কারণেই গুরুত্বপূর্ণ এই খাল সংস্কারকাজ আটকে আছে। দ্রুত সেতুর নিচের মাটি অপসারণ করে খালের নির্ধারিত অংশের খননকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আল মোমিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবেন।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষার আগে খালের পানিপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করা না গেলে ভারী বৃষ্টিতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে সত্তারঘাটসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। তাই দপ্তরগুলোর পারস্পরিক দায় ঠেলাঠেলি বন্ধ করে দ্রুত সমন্বিত উদ্যোগে ভাঞ্জন খালের খনন ও সেতুর নিচের মাটি অপসারণের দাবি উঠেছে।

Share this news as a Photo Card

রোডস অ্যান্ড হাইওয়ে-বিএডিসির গাফিলতিতে থমকে আছে ভাঞ্জন খাল খনন

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com