চসিক নির্বাচনে মেয়র প্রার্থী হতে এস এম আজিজকে সমর্থন জাতীয় পার্টি (কাজী জাফর) নেতাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টি (কাজী জাফর) চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা ও রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এস এম আজিজের নাম প্রস্তাব করেছেন দলটির নেতাকর্মী ও সভায় উপস্থিত বিশিষ্টজনেরা। এ লক্ষ্যে তাঁর প্রার্থিতার বিষয়ে সবার দোয়া, মতামত ও সমর্থন কামনায় এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বায়েজিদ এলাকার হোটেল জামানে এ সভার আয়োজন করে জাতীয় পার্টি (কাজী জাফর) চট্টগ্রাম মহানগর কমিটি।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি (কাজী জাফর)-এর সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি মো. পারভেজ শেখ হৃদয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। তিনি জাতীয় পার্টি (কাজী জাফর) চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম। সভার উদ্বোধন করেন মাই টিভির ব্যুরো প্রধান নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এহসানুল হক টিটু, মনির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কেিউ মুসলেহ উদ্দিন এবং জাতীয় পার্টি (কাজী জাফর) চট্টগ্রাম মহানগরের সহসভাপতি সমরকন্দী।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সাঈদ সাগর, মো. বেলাল উদ্দিন, মো. সোহেল, মো. হারুনুর রশিদ, আহমেদ সাব্বির, ডা. নন্দিলাল সরকার, সুমন কান্তি দাস, মো. ফারুক হোসেন, মো. বাহাদুর তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রোটারিয়ান এস এম আজিজকে প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেন। তাঁর প্রার্থিতার পক্ষে জনমত গঠন এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

সভায় আরও সিদ্ধান্ত ও আলোচনা হয়, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ড এবং সংশ্লিষ্ট থানা পর্যায়ের কমিটিগুলোকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। নির্বাচনের আগে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা এবং ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মেয়র প্রার্থী হিসেবে এস এম আজিজকে সামনে রেখে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

চসিক নির্বাচনে মেয়র প্রার্থী হতে এস এম আজিজকে সমর্থন জাতীয় পার্টি (কাজী জাফর) নেতাদের

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com