
সঠিক খবর ডেস্ক : দেশব্যাপী ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমকে আরও নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে উপজেলা, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ভূমি অফিসের জন্য ১০ দফা নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক ও অন্যান্য আইসিটি যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করা এবং সেগুলোর কর্মক্ষমতা উন্নত করা এখন সময়ের দাবি।
নির্দেশনা অনুযায়ী, সব কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার এবং নিয়মিত আপডেট নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি ওয়েবভিত্তিক সেবা ব্যবহারের ক্ষেত্রে মাইক্রোসফট এজ, গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণের নিরাপদ ব্রাউজার ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কম্পিউটারের র্যাম, প্রসেসর ও স্টোরেজের সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করতে হবে, যাতে সব ডিজিটাল ভূমিসেবা সফটওয়্যার নির্বিঘ্নে পরিচালনা করা যায়।
নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করতে রাউটার, সুইচ ও ওয়াই-ফাই ডিভাইসের ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা জোরদারে অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় সফটওয়্যার নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ, সন্দেহজনক ই-মেইল, লিংক ও ফাইল ব্যবহার থেকে বিরত থাকা এবং অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর পরামর্শ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ ও ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটারসহ সব আইসিটি যন্ত্রপাতির শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
এ ছাড়া ইউএসবি ড্রাইভ বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান নিশ্চিত করা, অজানা উৎসের ডিভাইস ব্যবহার না করা এবং কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে জানাতে হবে। দেশের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।












