
মীরসরাই, প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত স্বামীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা পিকআপচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে স্ত্রী মনি’র দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পরকীয়া-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
বুধবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। ভোরে রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ ও পায়ে আঘাত করা হয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীর ওপর এ হামলা চালিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।












