
বাঁশখালী, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণমাঠ ও মাছের ঘেরের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির বাসিন্দা আব্দুল আলিমের ছেলে।
পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘেরের দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোররাতে গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, লবণমাঠ ও মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।












