৫০০ বছরের প্রাচীন কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণের পরিকল্পনা: ফটিকছড়িতে মানববন্ধনে ক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজী পেলাগাজী (রহ.) দীঘির পূর্ব পাড়ে অবস্থিত প্রায় ৫০০ বছরের প্রাচীন কবরস্থানের ওপর দিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর পেলাগাজী দীঘির মোড়ে হযরত কাজী পেলাগাজী (রহ.) জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুদ্দিন সুমন, নাঈম উদ্দীন, মোহাম্মদ ইমরান, মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দীন আলকাদেরি, আলাউদ্দীন মামুন, মোহাম্মদ সরোয়ার, ইউপি সদস্য আতাউল হক মুন্সি, আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামশুল আলম এবং মোহাম্মদ মঈন উদ্দীন।

বক্তারা জানান, প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এ কবরস্থানে শতাধিক মানুষের কবর রয়েছে। এটি শুধু একটি কবরস্থান নয়, বরং এলাকার ধর্মীয় বিশ্বাস, সামাজিক ঐতিহ্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণ করা হলে স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এবং একটি ঐতিহাসিক ঐতিহ্য চিরতরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, উন্নয়ন কার্যক্রমের বিরোধিতা নয়, বরং সংবেদনশীল স্থাপনা রক্ষা করেই উন্নয়ন বাস্তবায়ন করা উচিত। তাদের দাবি, সড়কের পশ্চিম পাশে কোনো অধিগ্রহণের প্রয়োজন নেই এবং পূর্ব পাশেও পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে কবরস্থানের অংশ দিয়ে সড়ক সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কবরস্থান অক্ষত রেখে বিকল্প নকশায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের দাবি জানান। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Share this news as a Photo Card

৫০০ বছরের প্রাচীন কবরস্থানের ওপর দিয়ে সড়ক সম্প্রসারণের পরিকল্পনা: ফটিকছড়িতে মানববন্ধনে ক্ষোভ

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com