ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, যানজট কমাতে চালু হবে ওয়াটার বাস

সঠিক খবর,  ডেস্ক : রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে ঢাকার চারপাশের নদীপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় রাজধানীর চারপাশের নৌপথে যাত্রী পরিবহন জোরদারের লক্ষ্যে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাব যাচাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সড়কপথের ওপর চাপ কমাতে নদীপথকে কার্যকর বিকল্প হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত রেখে নিয়মিত খননের মাধ্যমে নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিবেশ সংরক্ষণ ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নদীর তীরবর্তী এলাকায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নগরবাসীর জন্য আরও মনোরম পরিবেশ নিশ্চিত করতে হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে রাজধানীর বিকল্প যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও নদীকেন্দ্রিক নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, যানজট কমাতে চালু হবে ওয়াটার বাস

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com