
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া তার পাঁচ সহযোগীর পাঁচ দিনের রিমান্ডও অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ির জামাল হত্যা মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের এবং অস্ত্র আইনের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া তার পাঁচ সহযোগীরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে, গত ২৯ জুলাই রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ডেভিড ইমনসহ ছয়জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।












