হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার দুর্জয় দেওয়ানজী চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে দেশের বাহিরে গেলেও দুই মাস অতিক্রম হওয়ার পরও এখনো ফেরেনি নিজ কর্মস্থলে। এমনকি ৯ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারী আগমন করলেও কর্মস্থলে অনুপুস্থিত তিনি। বিভিন্ন সময়ে চিকিৎসার নামে বিদেশের মাটিতে পাড়ি জমানোর তথ্যও পাওয়া গেছে তার বিরুদ্ধে। মূলত চিকিৎসা নয় একটি ধর্মীয় সংগঠনের কার্যক্রমে অংশগ্রহন করতেই প্রায়শই দেশের বাহিরে এবং দেশের বিভিন্ন জায়গায় অংশগ্রহনে চিকিৎসার নামে ছুটি দেখিয়ে কর্মস্থলে অনুপুস্থিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক যুগেরও অধিক সময়ে হাটহাজারীতে কর্মরত অবস্থায় উর্ধ্বতনদের বিশেষ আশির্বাদপুষ্ট হওয়ায় হাসপাতালের গুরুত্বপূর্ণ পদে থাকা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস করেনা কেউ।

জানা গেছে, জুন মাসে প্রথম সপ্তাহ থেকেই এক মাসের ছুটিতে বহিঃবাংলাদেশে গমন করেন দুর্জয়। তবে ছুটির মেয়াদ পার হলেও এখনো কর্মস্থলে ফেরেনি সে। এদিকে নিয়ম অনুযায়ী ছুটির পূর্বে কাউকে যথাযত দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তাও পুরোদমে অনুসরণ না করার অভিযোগ রয়েছে। অনুুসন্ধানে জানা গেছে, দুর্জয় চলতি বছরের শুরু থেকেও কর্মস্থলে অনিয়মিত। জানুয়ারী থেকে প্রায় চারমাস অনুপুস্থিত ছিলেন। পরে ফের জুন মাসে বহিঃ বাংলাদেশে গমন। তবে চিকিৎসার জন্য ছুটির কারণ উল্লেখ করলেও নিজের নাকি পরিবারের কোন সদস্যের তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। স্টোর কিপাার দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী শৈবাল সেন তার (স্টোর কিপারের) অসুস্থতার কথা জানালেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার জানান তার পিতার অসুস্থ। আদৌ কে অসুস্থ তা জানতে ছুটির আবেদনের কাগজপত্র, পাসপোর্ট কপি দেখতে চাইলে এসব না চাওয়ার অনুরোধ করেন প্রতিবেদককে। ফলে ধোঁয়াশা থেকেই গেল। এদিকে আরো জানা গেছে, একজন সরকারি কর্মকর্তা কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী একজন সরকারি চাকরিজীবীকে সংগঠনে জড়িত হওয়ার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে। বিধিমালার ২৫(১) উপবিধি: কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা: দেশ বা বিদেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা অর্থায়ন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি চাকরিজীবীরা এমন কোনো সামাজিক বা ধর্মীয় সংগঠনের সক্রিয় সদস্য হতে পারবেন না, যা সমাজে সাম্প্রদায়িকতা ছড়ায় অথবা জনশৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।

সরকারি চাকরির প্রধান শর্ত হলো প্রশাসনিক নিরপেক্ষতা ও জনশৃঙ্খলা বজায় রাখা। তাই কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন কোনো সংগঠনের পরিচয় বহন করা যাবে না যা এই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। নীতিমালা লঙ্ঘন করলে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা, চাকরিচ্যুতি বা অন্যান্য শাস্তি হতে পারে।

এমন আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও দুর্জন দেওয়ানজী একটি ধর্মীয় সংগঠনের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২২ সালেও বহিঃবাংলাদেশে গমনপূর্বক ওই সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশ নিয়েছে। সংগঠনের কার্যক্রমের একাধিক ছবি ও সনদ তার প্রমান বহন করে। তার বিরুদ্ধে আরো অভিযোগ আছে, কর্মস্থলে ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য বাহন মারফত উপস্থিত হওয়ার নিয়ম থাকলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার গাড়িতেই সে আসা যাওয়া করে।

এদিকে তার অনুপুস্থিতিতে স্টোরের ওষুধ বিতরণে ও ওষুধের মেয়াদ চেক করা নিয়ে চিকিৎসকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সম্প্রতি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ কিছু ওষুধ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা সত্যতা স্বীকার করে বলেন, স্টোর কিপারে ওষুধের মেয়াদ চেক করতে একজন মেডিকেল অফিসার নিয়োগ দিতে উর্ধ্বতনকে অবগত করলেও কানে নেয়নি। ফলে অনিয়ম ফুটে উঠছে। দ্রুত ব্যবস্থা না নিলে মেয়াদোত্তীর্ণের কারণে ওষুধ সংকটের সম্ভাবনাও রয়েছে। এদিকে একজন স্টোর কিপারের ছুটি, ওষুধের যাবতীয় বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার অবগত থাকার কথা থাকলেও তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ বলেন, দুর্জয় কখন ছুটিতে এবং কেন গেল সে সম্পর্কে কিছুই জানেনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার মুঠোফোনে স্টোর কিপারের এক মাসের ছুটি এবং পরবর্তীতে সিভিল সার্জনের মাধ্যমে সাত দিন করে চৌদ্দদিন ছুটির মেয়াদ বাড়ালেও অতিরিক্ত হওয়ার স্বীকার করলেও দুদিন পর উনার কার্যালয়ে ছুটির মেয়াদ এখনো আছে বলে জানান প্রতিবেদককে। তবে দ্রুত কর্মস্থলে যোগ দিতে চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি। মুঠোফোনে বক্তব্যের সাথে কার্যালয়ে বক্তব্যের অমিলের বিষয়ে প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্টোর চেকে মেডিকেল অফিসার নিয়োগ না দেয়ার প্রশ্নে নিশ্চুপ ছিলেন ওই কর্মকর্তা।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ছুটির সত্যতা স্বীকার করলেও মূলত কতদিন তা জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান। বিভাগীয় পরিচালক ডাঃ ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে খবর নেবেন।

Share this news as a Photo Card

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com