
সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী অ্যাম্বুলেন্স চালক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদারের দাপ্তরিক গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। সরকারি আইন অনুযায়ী জরুরী সেবার অ্যাম্বুলেন্স ব্যতিরেখে ব্যক্তিগত বা অন্য কারো দাপ্তরিক গাড়ি চালাতে পারেন না। তবে স্বীকার করলেও কর্মকর্তার নির্দেশ পালন করেন বলে জানান অভিযুক্ত চালক আরমান।
অনুসন্ধানে জানা গেছে, বর্তমান টিএসও যোগদানের পর থেকেই তার দাপ্তরিক জিপ গাড়িটি বিভিন্ন সময়ে অ্যাম্বুলেন্স চালক তাকে শহরের বাসা থেকে কর্মস্থল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা নেয়া করেন। মাঝে মাঝে অন্য চালক আনা নেয়া করলেও অধিকাংশ সময় অ্যাম্বুলেন্স চালককে দেখা যায়।
দেখা গেছে, সকাল বেলা অ্যাম্বুলেন্স নিয়ে শহরের দিকে চলে যায় চালক আরমান। সকাল নয়টা সাড়ে নয়টা কখনও বা দশটার দিকে টিএসওকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছে দিয়ে স্থান থেকে সরে পড়েন চালক। পরে দুপুর আড়াই থেকে তিনটার মধ্যে ফের শহরের দিকে চলে যান। পরে বিকালে সকালে নেয়া অ্যাম্বুলেন্স নিয়ে হাটহাজারীতে ফিরে আসে। আবার কখনও সকালে টিএসওকে কমপ্লেক্সে পৌঁছে দিয়ে ওই গাড়ি নিয়ে শহরে পাড়ি জমায়। শহরে পৌঁছেই সকালে নেয়া অ্যাম্বুলেন্স নিয়ে ফেরত আসে। আবার দুপুরে অ্যাম্বুলেন্স কমপ্লেক্সের গ্যারেজে গাড়ি টিএসও’কে শহরে নিয়ে যান। সচেতন মানুষের প্রশ্ন থেকেই যায়, টিএসও’কে আনা নেয়ার সময় জরুরী প্রয়োজনে চমেক রেফার করা রোগীর স্বল্প খরচে চমেক পৌঁছার উপায় কি। বাধ্য হয়ে গরিব অসহায় রোগীর স্বজনরা অতিরিক্ত দামে বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে বাধ্য হন। এতে চরম আর্থিক ক্ষতির সম্মুখিন হন তারা।
জানতে চাইলে সত্যতা স্বীকার করে অভিযুক্ত চালক বলেন, কর্মকর্তার নির্দেশ পালন করেন তিনি। জরুরী প্রয়োজনে রোগীরা কি করবে প্রশ্নে বলেন, “অ্যাম্বুলেন্স লাগলে অপেক্ষা করবে”
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সে এ ধরনের কাজ করেনা বলে উত্তর দিলেও পরক্ষণে বলেন, তাকে কমপ্লেক্সের চালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যক্তিগত চালক দিয়েই উনার (টিএসও) গাড়ি ব্যবহার করেন। আবার অ্যাম্বুলেন্সকেই প্রাধান্য দিতে হবে নিয়োগপ্রাপ্ত চালকের। কোন অভিযোগ পেলে খতিয়ে দেখবেন বলেও জানান সাংবাদিককে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি বিধিমোতাবেক এটা কখনই পারবেনা। অ্যাম্বুলেন্স চালক সার্বক্ষণিক জরুরী রোগী তথা রেফার করা রোগীকে বহন করবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।












