ভারতের বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভোরে শিবের মাথায় পানি ঢালতে মন্দিরে গিয়েছিলেন পুণ্যার্থীরা, সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এদিন সকালে পূজা দিকে বিপুল সংখ্যক লোক মন্দিরে উপস্থিত হয়। কিন্তু মন্দির চত্বরে বিদ্যুতের তার পড়ে রয়েছে, এমন খবরে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার আশঙ্কায় তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কির মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়।

আহতদের নিকটবর্তী লখিসরাই হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আনন্দবাজার ডটকম জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভিড় সামাল দেওয়া ও উদ্ধার অভিযান তদারকি শুরু করেছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার সাংবাদিকদের জানান, নজিরবিহীন পুণ্যার্থী এসে হাজির হওয়ার পর ঘটনাটি ঘটেছে। ভোর সাড়ে ৬টা ও পৌঁনে ৭টার দিকে পরপর দুটি ট্রেনে করে অনেক পুণ্যার্থী এসে পৌঁছানোর পর ভিড় অনেক বেড়ে যায়। এরই এক পর্যায়ে মন্দিরের সামনের ব্যারিকেড ভেঙে পড়ে।

তিনি বলেন, বলা হচ্ছে যে, মন্দির চত্বরে বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ায় কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হন। আর তার ফলেই ঘটনাটি ঘটেছে। তবে সব কিছু খতিয়ে দেখার পরেই আমরা আসল কারণ জানাতে পারবো।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শিব কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

লখিসরাইয়ের অশোক ধাম মন্দিরটি ‘শ্রী ইন্দ্রদমনেশ্বর মহাদেব মন্দির’ নামেও পরিচিত। এখানে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে। বিশেষ করে শ্রাবণ মাসে এই মন্দিরটি বিপুল সংখ্যক ভক্তকে আকৃষ্ট করে।

Share this news as a Photo Card

ভারতের বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ মৃত্যু

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com